রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শিগগিরই শুরু:পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০০:৩৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। আমি সবসময় আশাবাদী মানুষ। তবে মিয়ানমার এর আগে বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। এই সমস্যা তারা সৃষ্টি করেছে, তাদেরই এর সমাধান করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘রোহিঙ্গা সংকট ও স্থানীয় সম্প্রদায়ের ওপর প্রভাব’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের অবশ্যই নিজদেশে ফিরে যেতে হবে। আমি অনেক দেশকে বলেছি, তোমরা কিছু রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দাও। কিন্তু কোনো দেশই একজন রোহিঙ্গাকেও নিতে রাজি হয়নি। তিনি বলেন, রোহিঙ্গা সংকটে চীন ও রাশিয়া বাংলাদেশের সঙ্গে আছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরে রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিং রাজনৈতিকভাবে অঙ্গীকার করেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার। বক্তব্য রাখেন ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুদীপ্ত মুখার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সিআর আবরার, পিআরআই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর প্রমুখ।