তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ দেশের ‘ছেলেধরা’ আতঙ্ককে একটি রাজনৈতিক গোষ্ঠীর অপকৌশল হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে, তখন একটি মহল হতাশ। তারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে নানা ধরনের হীন ষড়যন্ত্রে লিপ্ত ও নানান অপকৌশলের আশ্রয় নিচ্ছে। সেই অপকৌশলের অংশ হিসেবেই আপনারা দেখেছেন কিছুদিন আগে রটিয়ে দেওয়া হলো— সরকারের অনুমোদন নিয়ে নাকি পদ্মা সেতুতে শিশুবলি দিতে হবে! তাও একটা-দুইটা নয়, এক লাখ শিশুবলি দিতে হবে। সেটির সূত্রধরেই দেশে ছেলেধরা গুজব তৈরি করা হলো।’
গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানি) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু আতঙ্কিত মানুষ এবং কিছু দুষ্কৃতকারী নিরীহ মানুষের ওপর হামলা পরিচালনা করেছে। নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এগুলো সবই হত্যাকাণ্ড। যারা এগুলো করেছে তারা হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
ন্যাপ ভাসানির চেয়ারম্যান মোশতাক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
