পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:২৪

নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইচাহাক হোসেন (৫৮) মুখোশধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়িতে প্রবেশের সময় এই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে রাতে সভাপতি ইচাহাক হোসেন উপজেলা শহরের নজিপুর এলাকায় বাড়িতে প্রবেশ করছিল। এমন সময় চারজন মুখোশধারী দুর্বৃত্ত ইচাহাক হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাতে করে। ইচাহাক হোসেনের চিত্কারে লোকজন দ্রুত এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, হত্যার ঘটনার সঠিক কোন কারণ জানা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্যে অভিযান চলছে।