পাহাড়ি ঢল ও বৃষ্টিতে পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাটুরিয়ার ৪ ও ৫ নাম্বার ফেরিঘাট।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ফেরি চলাচল প্রায় ৩ ঘণ্টা বন্ধ ছিল। এর আগে বুধবার রাতে পদ্মার তীব্র স্রোতে ৫ নম্বর ঘাটে ভাঙন দেখা দেয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, ৫ নম্বর ঘাট ভেঙে যাওয়ায় বুধবার রাত থেকে ফেরিকে লোড-আনলোড বন্ধ হয়ে পড়ে। এরপর শুক্রবার দুপুরে ৪ নম্বর ঘাটে একই সমস্যা দেখা দেওয়ায় প্রায় ৩ ঘণ্টা ফেরি অপারেশন বন্ধ থাকে। এছাড়া ১০ দিন আগে পাটুরিয়া লঞ্চ ঘাট যমুনায় বিলীন হওয়ার পর নদীর পশ্চিম দিকে ২ নম্বর ঘাট থেকে লঞ্চ চলাচল করছে। এতে, বর্তমানে ৩ ও ৪ নম্বর ঘাট যোগে সীমিত আকারে ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি (আরিচা সেক্টর) ডিজিএম আব্দুস সালাম জানান, পদ্মার তীব্র স্রোতের কারণে এ সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে সীমিত আকারে ফেরি চলাচল করছে। এতে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হলেও মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড আরিচা গেজ রিডার ফারুক হোসেন জানান, যমুনার পানি আরিচা পয়েন্টে ২৪ ঘণ্টা ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল শুক্রবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ দশমিক ১৩ সেমি স্তরে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধির হার আরও কয়েকদিন থাকবে বলে আভাস পাওয়া গেছে।
এদিকে, উপজেলা দুর্গম আলোকদিয়া মধ্যেনগর, ত্রিশুরি, মালুচি, তেওতা প্রভূতি নদী তীরবর্তী স্থানে যমুনার ভাঙনে আতঙ্ক দেখা দিয়েছে। এসব এলাকায় যদিও সীমিত পরিসরে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

