এ বছরের ২৬ মার্চ মাদারীপুরের শিবচরে গৃহহীন ৯০টি পরিবারের হাতে একটি করে ঘরের চাবি তুলে দিয়েছিলেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন। প্রধান অতিথি থেকে গুচ্ছ গ্রামটি উদ্বোধন করেন তিনি। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ভাগ্যবিড়ম্বিত মানুষগুলোর সেই ঘর তলিয়ে নিয়ে যাচ্ছে পদ্মা। বন্যার পানিতে ইতোমধ্যেই ২০টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, এখানে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন কয়েক হাজার পরিবার। যদিও ইতোমধ্যেই বন্যাকবলিত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তার নেতৃত্বে একাধিক মেডিকেল টিমও কাজ করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গত ২০১৬-১৭ অর্থ বছরে গৃহহীন পরিবারের জন্য উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা এলাকায় চরচান্দ্রা-২ নামে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে একটি গুচ্ছ গ্রাম নির্মাণ করা হয়। গত ২৬ মার্চ চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এসব পরিবারের মাঝে ঘরের চাবি প্রদান করেন।
২৬ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায়, গুচ্ছ-গ্রামটির চারিদিকে থৈ-থৈ করছে পানি। প্রায় পানির নিচে ডুবে গেছে গ্রামটি। পদ্মা নদীর স্রোতে গ্রামটির মাঝখান থেকে ২০টি ঘর ভেঙে পড়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, ২০টি ঘর ভেঙে গেছে। বাকি ঘরগুলোও ঝুঁকির সম্মুখীন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলাপ করে দ্রুতই তলিয়ে যাওয়া ঘরগুলোকে অন্য জাগায় সরিয়ে নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নির্দেশে বন্যাকবলিত এলাকায় সার্বক্ষণিক খোঁজখবর রাখছে উপজেলা আওয়ামী লীগ।
ইত্তেফাক/এএম
