দল জিতলেও ব্যাট-বলে বিবর্ণ সাকিব

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৩:১৬

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে নিয়মিত খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। পঞ্চমবারের মতো ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের ম্যাচ দিয়ে চলতি আসরের পর্দা ওঠে। ওই ম্যাচে ব্যাট-বলে ব্যর্থ ছিলেন সাকিব। 

দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতা থেকে বের হতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বিবর্ণ ছিলেন সাকিব। তবে ঠিকই জয় পেয়েছে তার দল অ্যান্টিগা। ২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে সাকিবের দল। 

রোববার (১৭ আগস্ট) ভোরে অ্যান্টিগা স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় অ্যান্টিগা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান তোলে বার্বাডোজ রয়্যালস। এ দিন মাত্র এক ওভার বোলিংয়ের সুযোগ পান সাকিব। ১৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।   

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় অ্যান্টিগা। ব্যাট হাতেও সাকিব ছিলেন বেশ সাদামাটা। ১৩ বলে ১৩ রান করে ফেরেন সাজঘরে।

ইত্তেফাক/জেডএইচ