‘স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে’ চিরকুট লিখে দর্জির আত্মহত্যা

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৪:০৭

পটুয়াখালীর কলাপাড়ায় ‘স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে’ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩২) নামের এক দর্জি।

শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লোকমান সরদার উপজেলার পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন এবং পাখিমারা বাজারে একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে লোকমান একটি নোটপ্যাডে চিরকুট লিখে গেছেন। চিরকুটে তিনি উল্লেখ করেন, স্ত্রী তাকে ভালোবাসেন না এবং টাকার অভাবে সংসারে অশান্তি লেগেই থাকত। এমনকি স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এই মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে চিরকুটে উল্লেখ রয়েছে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি