দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে গত বৃহস্পতিবার দেশের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ১০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
আমদানির ঘোষণার পরপরই বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে ৬৫ টাকায় নেমে এসেছে বলে জানা গেছে।
অন্যদিকে, হিলি স্থলবন্দর দিয়ে ২৪০ টন পেঁয়াজ আমদানির অনুমতি মিলেছে, তবে রোববার ১৭ আগস্ট বেলা ৩টা পর্যন্ত কোনো পেঁয়াজের ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি।
হিলি কাস্টমের তথ্যমতে, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি বছরের সর্বশেষ ৩ মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, পেঁয়াজ আমদানিতে সীমিত পরিমাণ আইপি দেওয়া হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য যথেষ্ট নয়। সেই সঙ্গে প্রতিদিন মাত্র ৩০ টনের অনুমতি দেওয়া হচ্ছে। আগে এমন শর্ত ছিল না। হাজার হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছিল। যদি সরকার শর্ত দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় তাহলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে প্রথম ধাপে আটটি প্রতিষ্ঠানকে মোট ২৪০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। অনুমতি পাওয়া আটটি প্রতিষ্ঠান ৩০ টন করে পেঁয়াজ আনতে পারবে। পেঁয়াজ আমদানিতে অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সততা বাণিজ্যালয়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায়।

