আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ৬

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:২৫

সাভারের আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মূল হোতাসহ ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে নরসিংহপুর সোনা মিয়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আট জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কোণাপাড়া এলাকার আব্দুস সোবহান শেখের ছেলে রবিউল শেখ, একই এলাকার মো. রিয়াজুলের ছেলে রুবেল, দেলোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন, নরসিংহপুর এলাকার জিন্নাহর ছেলে জাহিদুল ইসলাম, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে আজাদ হোসেন ও জলিল সরকারের ছেলে রানা সরকার। তবে রাজন ও সোহাগ নামে আরও দুই ধর্ষণকারী পলাতক রয়েছে বলে জানা গেছে।

আশুলিয়া থানার এসআই ফজিকুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় নরসিংহপুর সোনা মিয়া মার্কেট এলাকায় বন্ধুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে যান তার স্বামী। পথিমধ্যে স্থানীয় ইউপি সদস্য তাহের মৃধার ম্যানেজার রাজন, তার সঙ্গী রবিউলসহ সাত জন ওই দম্পতিকে আটক করে তারা স্বামী-স্ত্রী কিনা সে ব্যাপারে জানতে চায়। একপর্যায়ে তারা সোনা মিয়া মার্কেট এলাকার নাছিরের বাড়িতে স্বামী ও স্ত্রীকে পৃথক কক্ষে আটকে রাখে। রাতে রাজনসহ তার সহযোগীরা ওই নারী পোশাক শ্রমিককে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই দম্পতির পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে মোবাইল ফোনে ২০ হাজার টাকা দাবি করে ধর্ষণকারীরা।