পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় সৃষ্ট বন্যায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার চরাঞ্চলে ব্যাপক দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি এলাকার মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম দুর্গতদের সহায়তায় ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।
এরই অংশ হিসেবে রোববার (১৭ আগস্ট) চর আলাতুলি এলাকায় বন্যাদুর্গতদের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- নাবিল গ্রুপের পরিচালক, মামুনুর রশিদ; জিএম (অ্যাডমিন), মোহাম্মাদ তৌফিক উজ জামান; সাপ্লাই চেইন বিভাগের সিনিয়র ম্যানেজার, শরীফ আল হাসান; সিকিউরিটি বিভাগের ইনচার্জ, মো. কামরুজ্জামান।
নাবিল গ্রুপের একজন প্রতিনিধি জানান, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং বন্যা পরিস্থিতির অবনতি হলে সহায়তার পরিধিও আরও বাড়ানো হবে।
