২২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি। বাংলালিংকের ডিজিটাল পোর্টফোলিওভুক্ত এই প্ল্যাটফর্ম ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৮০টি ম্যাচ সরাসরি দেখানোর ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।
ফলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল লিগের উত্তেজনা এবার বাংলাদেশি দর্শকরা উপভোগ করতে পারবেন সরাসরি তাদের মোবাইল ফোন বা যেকোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, ঘরে বসে কিংবা চলার পথেও।
বাংলাদেশি ডেভেলপারদের তৈরি এই অ্যাপ দেশের ডিজিটাল বিনোদন ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনের এক অনন্য উদাহরণ। ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে, যেকোনো সময় উচ্চমানের স্ট্রিমিং অভিজ্ঞতার মাধ্যমে টফিতে উপভোগ করতে পারেন বিনোদনমূলক, শিক্ষামূলক ও ক্রীড়া বিষয়ক কনটেন্ট।
এ বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, ফুটবল শুধুই খেলা নয়, এটি এক আবেগ – যা কোটি বাংলাদেশিকে একত্র করে। টফিতে ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা কেবল বিশ্বমানের ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করছি না, বরং দেশের ডিজিটাল রূপান্তরেও উল্লেখযোগ্য অবদান রাখছি।
তিনি আরও বলেন, একটি প্ল্যাটফর্ম ব্যবহার করেই কোটি মানুষ এখন বিশ্বজুড়ে খেলা, বিনোদন এবং শিক্ষামূলক কনটেন্ট উপভোগ করতে পারছে, যা আরও সচেতন ও কানেক্টেড সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখছে।
টফিতে ব্যবহৃত আধুনিক স্ট্রিমিং প্রযুক্তির ফলে একসাথে একাধিক ম্যাচ লাইভ দেখানো সম্ভব। এতে দর্শকরা রিয়েল-টাইমে তাদের পছন্দের দল ও খেলোয়াড়দের খেলা দেখতে পারেন, যা দেশের স্পোর্টস স্ট্রিমিং অভিজ্ঞতায় নতুন এক অধ্যায় রচনা করেছে।
