‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে’

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৯:৫১

নতুন ও পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে শালথা, চরভদ্রাশন ও আলফাডাঙ্গার নবনির্মিত তিনটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে। এ লক্ষ্য সফল করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। আধুনিক সকল ডিজিটাল প্লাটফর্মের ওপর গুরুত্ব দিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও মুজিব নগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রকে আধুনিকভাবে সাজানো হবে।'

মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে আ ক ম মোজাম্মেল বলেন, 'আগামী বছর থেকে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ১৫ হাজার টাকা এবং বছরে ৫টি বোনাস প্রদান করা হবে। যে সকল স্থানে সম্মুখ যুদ্ধ হয়েছে সেসব স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। সকল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের নামের পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের নামও উল্লেখ থাকবে।

আরও পড়ুন:  মাধবপুরে বন্ধ করা হলো দুটি বাল্যবিয়ে

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন, আলফাডাঙা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মন্ত্রী এর আগে দুই কোটি একান্ন লাখ টাকা ব্যয়ে আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, দুই কোটি সত্তর লাখ টাকা ব্যয়ে সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং দুই কোটি উনষাট লাখ টাকা ব্যয়ে নির্মিত চরভদ্রাসন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেন।

ইত্তেফাক/জেডএইচডি