প্রথমবারের মতো ফোবানায় জায়েদ খান, এবার মাতাবেন কানাডা

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৩:২২

প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। কানাডার মন্ট্রিয়লে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট। তিন দিনব্যাপী আয়োজিত সম্মেলনের শেষ দিন পারফর্ম করবেন জায়েদ খান। 

এর আগে জায়েদ খান বিভিন্ন দেশে পারফর্ম করেছেন। কানাডার ক্যালগরিতেও পারফর্ম করেছেন। কিন্তু বাঙালি অধ্যুষিত কানাডার মন্ট্রিয়লে প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন এই ঢালিউড তারকা।

যুক্তরাষ্ট্রে জায়েদ খান। ছবি: সংগৃহীত
এ প্রসঙ্গ জায়েদ খান ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটি অনুষ্ঠান। আমি সম্মানিতবোধ করছি যে, আমি এখানে পারফর্ম করতে পারব। আরও অনেক নামকরা শিল্পী এখানে পারফর্ম করবেন। আশা করি অনুষ্ঠানটি খুব সাফল্যমণ্ডিত  হবে।’ 

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

ফোবানা সম্মেলনের পোস্টার। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, বর্তমানে দেশে মুক্তির অপেক্ষায় আছে জায়েদ খান অভিনীত ‘বাহাদুরী’। শফিক হাসান পরিচালিত সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে রয়েছে চিত্রনায়িকা মৌ খান। ২০২২ সালে সিনেমাটির নির্মাণকাজ শেষ হলেও মুক্তি থমকে আছে। গেল বছরের জুলাইয়ে নিউ ইয়র্কে যান জায়েদ খান। এরপর থেকে সেখানেই আছেন আলোচিত এই অভিনেতা। সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্মও করছেন তিনি। এছাড়া নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে জায়েদ খানকে।

ইত্তেফাক/এসএ