এসবিএসি ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৪ সালে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ মোট ৭টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার, পরিচালক মুশফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মকবুল হোসেন ভূঁইয়া এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মো. আব্দুর রাজ্জাক।
এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়া ও মো. নাজিমুদ্দৌলাসহ ব্যাংকের বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও ইভিপি মো. মোকাদ্দেস আলী।
আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০২৪ সালের শেষে এসবিএসি ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৬৮৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। একই সময়ে ঋণ ও অগ্রিমের পরিমাণ হয়েছে ৮ হাজার ৮৬৪ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ২ শতাংশ বেশি।
ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬০ কোটি টাকা এবং ২০২৪ সালে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ২৭২ কোটি টাকা।
এছাড়া বছরজুড়ে ব্যাংকটি প্রায় ৩ হাজার কোটি টাকার রফতানি, ৪ হাজার কোটি টাকার আমদানি এবং ১ হাজার ১৪৫ কোটি টাকার রেমিট্যান্স আহরণ করেছে।
