রাতের আঁধারে কেটে ফেলা হলো বনবিভাগে চার হাজার গাছ

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২০:২৩

নওগাঁর পত্নীতলায় বুধবার (২৪ জুলাই) রাতের আঁধারে বনবিভাগের চার হাজার আকাশমনি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) পত্নীতলা থানায় রফিকুল ইসলাম আলম, ইউসুফসহ অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পত্নীতলা বনবিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনগর মৌজায় বনবিভাগের প্রায় সাড়ে সাত একর জায়গা গোপীনগর গ্রামের রফিকুল ইসলাম আলম অবৈধভাবে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। গত বছর বনবিভাগ অবৈধ দখলদার উচ্ছেদ করে উক্ত জমি নিজেদের দখলে নেয়। পুরো জায়গায় চার হাজার আকাশমনি গাছের চারা রোপণ করে। দেখভাল করতে আটজন স্থানীয় বাসিন্দাকে উপকারভোগী হিসাবে নিয়োগ দেয়। বুধবার রাতে দুষ্কৃতিকারীরা জমিতে থাকা সব গাছ কেটে ফেলে। 

এ বিষয়ে বনবিট কর্মকর্তা দুলাল হোসেন জানান, জমিতে রফিকুল ইসলাম আলমের লাগানো কিছু আম গাছ গুলো কাটা হয়নি। শুধু বনবিভাগের লাগানো আকাশমনি গাছ গুলো কেটে ফেলা হয়েছে। 

আরও পড়ুন: বগুড়ায় চিকিৎসাধীন ২৮ ডেঙ্গু রোগী

উপকারভোগী আব্দুর রহমান ও মামুন জানান, বুধবার রাতে রফিকুল ইসলাম আলম তার লোকজন নিয়ে গাছ কেটেছেন। ভয়ে তারা প্রতিবাদ করার সাহস পাননি। 

অভিযুক্ত রফিকুল ইসলাম আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বনবিভাগের গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। 

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল চক্রবর্তী জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/অনি