ডাবের পানি দিয়ে অনশন ভাঙলেন বেরোবির শিক্ষার্থীরা

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০২:৩০

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে চলমান আমরণ অনশন ডাবের পানি খেয়ে ভাঙলেন শিক্ষার্থীরা।

টানা তিন দিন পর মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ডাবের পানি পান করে তাঁরা অনশন শেষ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে ডাবের পানি তুলে দেন।

এর আগে গত রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের উত্তর গেট এলাকায় সাধারণ শিক্ষার্থীরা এই আমরণ অনশন শুরু করেন।

দীর্ঘদিনেও নির্বাচনী কার্যক্রমে কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা দ্রুততম সময়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

অনশন ভাঙার পর শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ হয়েছে। আগামী অক্টোবর মাসেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এ জন্য প্রশাসনকে সময় দেওয়া হয়েছে।

তবে অচিরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও শিক্ষার্থীরা জানান।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘৩০ অক্টোবরের মধ্যে ছাত্র সংসদের সব কার্যক্রম সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা যত দ্রুত গেজেট হাতে পাব, তত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করব।’

উল্লেখ্য, সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অনশনের একাধিক শিক্ষার্থী উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছিল।

 

 

ইত্তেফাক/এমএএম