ব্রাজিলিয়ান সিরি আ-তে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় সান্তোস। এমন হারের পর ক্ষোভ জমা হয় সান্তোস সমর্থকদের মনে। মঙ্গলবার (১৯ আগস্ট) সেই ক্ষোভ উগরে দিয়েছেন তার। ক্লাবের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সান্তোস সমর্থকরা।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, সান্তোসের বেশ কিছু সমর্থক একজোট হয়ে ক্লাবটির পার্কিং লটের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। আগুন জ্বালানোর পাশাপাশি সান্তোসের ম্যানেজমেন্ট ও স্কোয়াডের প্রতি চিৎকার-চেঁচামেচি করে ক্লাবটির অনুশীলন মাঠে ঢুকে পড়েন সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলিটারি পুলিশ ডাকে সান্তোস। কিন্তু তাতেও কাজ হয়নি। সমর্থকেরা ঠিকই খেলোয়াড়দের গাড়ি রাখার জায়গায় ঢুকে পড়েন।
এ সময় তারা স্লোগানও দেন—‘সান্তোসকে সম্মান করো, বিশ্বের সেরা দল’, ‘লজ্জা, লজ্জাহীন একটা দল’ ও ‘মার্সেলো তিসেইরা (ক্লাব সভাপতি), তুমি দলটা নিয়ে মজা করছ’।
গ্লোবো জানিয়েছে, এমন বিক্ষোভের সময় অন্যান্য সতীর্থের সঙ্গে সান্তোসেই ছিলেন নেইমার। উত্তেজিত সমর্থকদের বরণ করে নিয়ে ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলেন। সমর্থকদের দাবি, ভাস্কোর কাছে বিধ্বস্ত হওয়া থেকে যত দ্রুত সম্ভব ঘুরে দাঁড়াতে হবে এবং মাঠে দলের খেলার মান আরও উন্নত করতে হবে। নেইমার এ সময় উত্তেজিত সমর্থকদের প্রতি বলেছেন, ‘আমরা পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করছি।’
সোমবার (১৮ আগস্ট) ভাস্কোর বিপক্ষে ৬-০ গোলের হার ছিল নেইমারের ক্যারিয়ারেরই সবচেয়ে বাজে হার। ম্যাচ শেষে মাঠেই কেঁদেছিলেন নেইমার। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি সম্পূর্ণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের পুরোপুরি অধিকার আছে, অবশ্যই সহিংসতা পরিহার করে। তারা যদি গালি দেয় বা অপমান করে, সেটারও অধিকার তাদের আছে।’
নেইমারের সেই কান্না ভালো লাগেনি সমর্থকদের। সান্তোসের নির্বাহী পরিচালক আলেহান্দ্রে মাত্তোস এবং নেইমার সমর্থকদের সঙ্গে কথা বলার সময় বিক্ষোভে নেতৃত্বস্থানীয় এক সমর্থক এ বিষয়ে ক্ষোভ উগরে দেন। সমর্থকদের মুখপাত্র হিসেবে নেইমারকে তিনি বলেন, ‘তুমি দলের তারকা। গ্রহের অন্যতম সেরা খেলোয়াড়। তুমি কাঁদলে, বাকিদের অবস্থাটা একবার ভাবো।’
ভাস্কো দা গামার কাছে বিধ্বস্ত হওয়ার পর সান্তোসের প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এখন নতুন কোচ খুঁজছে ক্লাবটি। গ্লোবো জানিয়েছে, দুজন আর্জেন্টাইন কোচের পিছু ছুটছে সান্তোস—আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ হোর্হে সাম্পাওলি ও ব্রাজিলের ঘরোয়া ক্লাব ফোর্তালেজার সাবেক কোচ হুয়ান পাবলো।
