বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। তিনি মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন নিহত রিফাত শরীফের বাবা মো. দুলাল শরীফ। শুক্রবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে দুলাল শরীফ বলেন, নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ের বিষয়টি গোপন করে বিয়ে বলবৎ থাকা অবস্থায় আমার ছেলের সঙ্গে মিন্নির বিয়ে দেয় মোজাম্মেল হোসেন কিশোর। আমার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পরেও মিন্নি নয়নের বাসায় আসা-যাওয়া করত।
তিনি আরও বলেন, তথ্য গোপন করে বিয়ে না দিলে আমার ছেলের এমন অবস্থা হতো না। আমার বিশ্বাস, ছেলের হত্যাকাণ্ডের সঙ্গে আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা ও তার মা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এজন্য তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তাদের অনতিবিলম্বে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হোক।
আরও পড়ুন: নাফ নদী থেকে ৭ লাখ ইয়াবা জব্দ
উল্লেখ্য, এর আগে গত ১৩ জুলাই রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুত্রবধূ মিন্নিকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন নিহত রিফাত শরীফের বাবা। এর তিনদিন পর ১৬ জুলাই (মঙ্গলবার) পুলিশ মিন্নিকে গ্রেফতার করে। পরে আদালতে মিন্নি তার স্বামী রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
এদিকে গত বুধবার (২৪ জুলাই) রিফাত শরীফ হত্যায় গ্রেফতার রিফাত ফরাজী ও রিশান ফরাজীকে পরিকল্পনাকারী উল্লেখ করে সংবাদ সম্মেলন করেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর।
ইত্তেফাক/অনি
