তারপর থেকে প্রায় ১৬ মাস হয়ে গেছে। লম্বা নিষেধাজ্ঞা কাটিয়ে তারা ফিরেও এসেছেন। কিন্তু কেপ টাউন টেস্টের সেই বল টেম্পারিংয়ের স্মৃতি অতীত হয়নি। অন্তত অ্যাশেজ জুড়েও এই স্মৃতিকে জাগিয়ে রাখবেন ইংলিশ সমর্থকরা। সেই সমর্থকদের জ্বালানি জোগাতেই যেন কেপ টাউন কেলেঙ্কারির তিন ‘নায়ক’কেই অ্যাশেজের দলে রেখেছে অস্ট্রেলিয়া।
স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে নিয়ে গতকাল ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে ৫ টেস্টের অ্যাশেজ সিরিজের জন্য। ১ আগস্ট বার্মিংহাম টেস্ট দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ।
অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলে বড়ো বিষয় হলো—তারা দলটা করেছে পুরোপুরি ইংলিশ কন্ডিশনে অভ্যস্ত হয়ে ওঠা এক ঝাঁক ক্রিকেটার দিয়ে। অস্ট্রেলিয়ার অন্তত ৩৫ জন ক্রিকেটার গত মাস দেড়েক ধরে নানা খেলায় ইংল্যান্ডেই ছিলেন। তার মধ্যে থেকে বিশ্বকাপ খেলা ছয় জন, অস্ট্রেলিয়া-এ দলের হয়ে সফর করা আট জন এবং কাউন্টিতে ব্যস্ত থাকা তিন জন ক্রিকেটারকে নিয়ে এই দল তৈরি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
দলে ডাক পেয়েছেন ম্যাথু ওয়েড। ২০১৬ সালের পর প্রথমবারের মতো টেস্ট দলে এসেছেন জেমস প্যাটিনসন। দলে নাথান লায়ন ছাড়া দ্বিতীয় কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। আছেন এক ঝাঁক ফাস্ট বোলার। পাঁচ জন সামনের সারির ফাস্ট বোলারের সঙ্গে মিডিয়াম পেসার মাইকেল নেসের ও পেস বোলিং অলরাউন্ডার মিশেল মার্শ আছেন। মার্শ গত গ্রীষ্মে সব ফরম্যাটের দল থেকে বাদ পড়ার পর কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। অবশেষে তিনি আবার স্কোয়াডে ফিরলেন।
দল গঠনের ক্ষেত্রে ইংল্যান্ডের অভিজ্ঞতাকে কীভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা বলতে গিয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভন হনস বলেছেন, ‘আমরা ১৭ সদস্যের দল ঘোষণা করেছি, যাতে হাতে যথেষ্ট বিকল্প খেলোয়াড় থাকে এবং আমরা দল গঠনের ক্ষেত্রে নমনীয় থাকতে পারি। আমরা নিশ্চিত করতে চেয়েছি যে, এই চাহিদাপূর্ণ দীর্ঘ ছয় সপ্তাহের সফরে সবাই যেন সুস্থ থাকে। আমরা বিশ্বাস করি দলটা খুব উঁচু মানের ব্যাটসম্যান, উঁচু মানের ফাস্ট বোলার ও নাথান লায়নের মতো স্পিনার দিয়ে গড়ায় তারা যে কোনো কন্ডিশনে ভালো করতে পারবে। এটা প্রতিভার দারুণ একটা মিশ্রণ হয়েছে।’
স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির জন্য বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছিলেন। এরপর স্মিথ ও ওয়ার্নার ফিরে বিশ্বকাপ খেলে ফেললেও ব্যানক্রফট আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেই ছিলেন। অবশেষে তিন জনকে এক সঙ্গে অ্যাশেজের দলে দেখা গেল।
তিন জনের দলে ঢোকা নিয়ে হনস বলছিলেন, ‘সাম্প্রতিক অসাধারণ পারফরম্যান্স দিয়ে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট টেস্ট দলে নিজেদের জায়গা করে নিয়েছে। ডেভিড ও স্টিভ একইসঙ্গে টেস্ট স্তরে নিজেদের অভিজ্ঞতার একটা মূল্য পেয়েছে। আর ক্যামেরন ডারহামের হয়ে অসাধারণ খেলার একটা পুরস্কার পেয়েছে।’
অস্ট্রেলিয়া দল
টিম পেইন (অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হিড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিশেল মার্শ, মাইকেল নেসের, জেমস প্যাটিসন, পিটার সিডল, স্টিভেন স্মিথ, মিশেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।
