ভারতের গুজরাটের ভাবনগরে স্বাধীনতা দিবসের এক সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, নাটকে কয়েকজন ছাত্রীকে কালো বোরকা পরিয়ে সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করানো হয়েছে।
গত ১৫ আগস্ট আয়োজিত ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। ভিডিওতে দেখা যায়, খেলনা বন্দুক হাতে ছাত্রীদের অন্য সহপাঠীদের দিকে গুলি চালানোর অভিনয় করতে। পাঁচ মিনিটের ওই নাটকে জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলার প্রসঙ্গও দেখানো হয়, পেছনে বাজানো হয় দেশাত্মবোধক গান।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর মুসলিম সম্প্রদায়ের নেতারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। তাদের অভিযোগ, ছাত্রীদের বোরকা পরিয়ে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা মুসলিম সমাজকে অপমানের শামিল।
কুম্ভরওয়াড়া এলাকার সমাজ নেতা জহুরভাই জেজা বলেন, ‘শিশুদের ব্যবহার করে মুসলমানদের বদনাম করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করছি।’
তীব্র সমালোচনার মুখে স্কুলের প্রিন্সিপাল রাজেন্দ্র কুমার দাভে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রতি বছর স্বাধীনতা দিবসে আমরা নাটক মঞ্চস্থ করি। এ বছর ‘অপারেশন সিন্দুর’ শীর্ষক নাটক উপস্থাপন করা হয়েছিল। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র দেশপ্রেম জাগ্রত করা, কাউকে আঘাত দেওয়া নয়।’
এদিকে শিক্ষা বিভাগ বিষয়টি তদন্তে নেমেছে। ভাবনগর প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষা কর্মকর্তা মুঞ্জল বডমিয়া জানান, “মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। স্কুল কর্তৃপক্ষকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
