এস এম জিলানীর শরীর থেকে গুলি অপসারণ

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৯:৪১

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর শরীরে রয়ে যাওয়া গুলি (পিলেট) অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর শরীরের সংবেদনশীলস্থানে অস্ত্রোপচার করে পুলিশের ছোঁড়া গুলি বের করা হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। আহত অবস্থাতেও তিনি থেমে যাননি। গুলি শরীরে নিয়েই নিরলসভাবে আন্দোলন ও রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছেন। অবশেষে চিকিৎসকদের দীর্ঘ প্রস্তুতি ও যত্নশীল প্রচেষ্টার পর বৃহস্পতিবার তার সফল অপারেশন সম্পন্ন হয়।

এ সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং এস. এম. জিলানীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন এনেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ডা. মোফাখখারুল রানা।

ইত্তেফাক/এমএএস