নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইচাহাক হোসেন (৫৮) মুখোশধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে তার নিজ বাড়িতে প্রবেশের সময় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস থেকে রাতে সভাপতি ইচাহাক হোসেন উপজেলা শহরের নজিপুর এলাকায় বাড়িতে ঢুকছিলেন। এমন সময় চারজন মুখোশধারী দুর্বৃত্ত এসে ইচাহাক হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
ইচাহাক হোসেন চিৎকার দিল আশেপাশের লোকজন এগিয়ে আসে। তখন মুখোশধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত ইচহাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সাইনবোর্ডে অবরুদ্ধ ব্যবসায়ী পরিবার
পত্নীতলা থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, হত্যার ঘটনার সঠিক কোন কারণ জানা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্যে অভিযান চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/নূহু
