ব্রাজিলে বিমানবন্দর থেকে ৪ কোটি ডলারের সোনা লুট

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:১৪

ব্রাজিলের সাও পাওলোর একটি বিমানবন্দরে একদল অস্ত্রধারী কার্গো টার্মিনাল থেকে চার কোটি মার্কিন ডলার মূল্যের সোনা এবং  মূল্যবান ধাতব পদার্থ লুট করেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় অস্ত্রধারীরা চলে যাওয়া সময় দুইজনকে জিম্মি করেছে বলে জানায় পুলিশ।

ভিডিও ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন লুটেরারা কালো রঙের পিকআপ ট্রাকে করে গুয়ারুলুস বিমানবন্দরে প্রবেশ করে। ‘ফেডারেল পুলিশ’ লেখা ওই পিকআপে তাদের দেখতে ব্রাজিলের ফেডারেল পুলিশের মতোই লাগছিল। ওই পিকআপ ট্রাক থেকে মুখঢাকা চার ব্যক্তি নেমে আসেন। তাদের অন্তত একজনের হাতে একটি রাইফেল ছিল। তারা বিমানবন্দরের কর্মীদের অস্ত্রের মুখে আটকে রেখে পিকআপে সোনা তোলে।

পুলিশ জানায়, তারা ৭৫০ কেজি সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু লুট করে এবং যাওয়ার সময় বিমানবন্দরের দুই কর্মীকে তাদের সঙ্গে নিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানান ?গুয়ারুলুস বিমানবন্দরের মুখপাত্র। তবে যে দুই জনকে জিম্মি করা হয়েছে তাদের বিষয়ে তিনি কিছু বলেননি।