মোংলায় নদীতে পড়ে জাহাজের কর্মচারী নিখোঁজ, খোঁজা হচ্ছে ড্রোন দিয়ে

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৯

মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় এমভি শোভা নামে একটি লাইটার জাহাজ থেকে মো. রাব্বি নামে এক ক্রু (কর্মচারী) নদীতে পড়ে গেছে। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে জাহাজটির আশপাশে ড্রোন দিয়ে তল্লাশি শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি। এর আগে শনিবার ভোরে সকাল সাড়ে ৫টার দিকে মো. রাব্বি নামে ওই কর্মচারী হঠাৎ নদীতে পড়ে যায়। এরপর জাহাজের অন্য কর্মচারীরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

এমভি শোভা লাইটারের মাস্টার মুজ্জাফর মোল্লা জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসামবোঝাই করেন। এরপর ঢাকার যাওয়ার জন্য তারা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে অপেক্ষা করছিলেন। শনিবার সকাল সাড়ে ৫টার দিকে ক চা খেতে খেতে রান্নাঘর থেকে ডেকের দিকে যাওয়ার সময় হঠাৎ নদীতে পড়ে যায়।

তিনি আরও জানান, নিখোঁজ রাব্বি বরিশালের বাঁকেরগঞ্জ এলাকার বাসিন্দা। এক বছর আগে ক্রু হিসেবে এমভি শোভা লাইটার জাহাজে চাকরিতে যোগদান করেন তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাকরুজ্জামান জানান, লাইটারের কর্মচারী নিখোঁজ হওয়ার খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ড্রোন ব্যবহার করে জাহাজটির আশপাশের অনুসন্ধান করছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

ইত্তেফাক/এপি