মাদারীপুরে শিবচরে মাহিদ্র উল্টে মরিয়ম আক্তার (২) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হন একই পরিবারের তিনজন। আজ শুক্রবার বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের ৩৮ নম্বর পাঁচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার মাহফুজুর রহমানের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানা যায়, মাহফুজুর রহমান বিকেল ৩টার দিকে তার পরিবার নিয়ে চরমুগরিয়া এলাকা থেকে একটি মাহিদ্র গাড়িতে করে কাঁঠালবাড়ি ঘাটে যাচ্ছিলেন। পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের ৩৮নম্বর পাঁচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে মাহিদ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় গুরুতর আহত হন মরিয়মসহ তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষে-মানুষে সহমর্মিতা রাখুন: তথ্যমন্ত্রী
শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, ‘হঠাৎ বৃষ্টি নামায় মাহিদ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মাহিদ্রের নিচে চাপা পড়ে একটি শিশু। তার মাথায় ও বুকে গুরুতর আঘাত থাকায় তার মৃত্যু হয়।’
ইত্তেফাক/কেকে
