পাকিস্তানে আকস্মিক বন্যায় আরও ১৩ জনের মৃত্যু, মোট ৪৬৬

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২০:২৫

পাকিস্তানের উত্তরাঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে রোববার (২৪ আগস্ট) কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ৪৬৬ জনে দাঁড়িয়েছে।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন জেলা থেকে নতুন করে হতাহতের খবর পাওয়া গেছে। চলমান বর্ষাকালে এই অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ জনের মৃত্যুর পাশাপাশি গত একদিনে প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসের কারণে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়া কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুসারে, ১৫ আগস্ট থেকে এই প্রদেশে প্রায় ৪০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৩৭ জন মারা গেছেন বুনের জেলায়।

এছাড়া দক্ষিণ সিন্ধু, দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশ, উত্তর গিলগিট-বালতিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, গত জুনের শেষের দিক থেকে হিসেব করলে দেশজুড়ে বৃষ্টিপাত এবং বন্যাজনিত কারণে প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছে হয়েছেন।

ইত্তেফাক/এসকে