হত্যা মামলা আওয়ামী লীগ নেতাসহ ৬ জনের যাবজ্জীবন

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৭:০০

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি নেতা মাসুদ রানা হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল মোল্লাসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

‎সোমবার (২৫ আগস্ট) ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কাজল মোল্লা, সেতু মোল্লা, লিংকু শেখ, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিঠু মোল্লা ও তপু খান ওরফে হাশিব খান। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এ ছাড়া তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা ও সোহাগ মোল্লাকে ১০ বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে হাসমত মোল্লা, নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা ও সম্রাজ মোল্লাকে এক বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ডালিয়া পারভীন সাংবাদিকদের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎‎মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ৫ আগস্ট পূর্বশত্রুতার জেরে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা মাসুদ রানার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই মামুন শেখ কালিয়া থানায় মামলা করেন।

তদন্ত শেষে একই বছরের ১২ ডিসেম্বর ৩৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালত চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। শুনানিতে চার্জশিটভুক্ত ৪৭ জন সাক্ষীর মধ্যে ৪০ জন আদালতে সাক্ষ্য দেন।

ইত্তেফাক/কেএইচ