বাল্যবিয়ে পড়ানোর দায়ে কাজির সহকারীর জরিমানা

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩৪

কামারখন্দে বাল্যবিয়ে পড়ানোর দায়ে জামতৈল ইউনিয়নের কাজি মোজাম্মেল হোসেনের সহকারী আনোয়ার হোসেনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার চড়কুড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বড়কুড়া গ্রামে মো. আনছার হোসেনের মেয়ে ও ইছামতি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুনের (১৬) বিয়ের আয়োজন চলছিল। এমন সময় কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়ে বন্ধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, বড়কুড়া গ্রামে বাল্যবিয়ে সম্পন্ন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে অভিযান চালালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরসহ বরপক্ষ পালিয়ে যায়। মেয়েটির বাবা ১৮ বছরের নিচে মেয়েকে বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেছেন। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে পড়ানোর দায়ে সহকারী কাজি আনোয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।