সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। এ সময় কোস্ট গার্ডের অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৩টায় সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযানে নামে কোস্ট গার্ড। অভিযানে ওই এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। জব্দ করা কাঁকড়ার বাজার মূল্য প্রায় ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত কাঁকড়াগুলো কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

