জগন্নাথপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৩৭

জগন্নাথপুরে ২৭ বছর আগের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদিরকে (৬৫) গতকাল শুক্রবার বেলা ৩টায় উপজেলা সদর থেকে এসআই গোলাম মোর্শেদ ফাত্তাহ চৌধুরীর নেতৃত্বে পুলিশের দল গ্রেফতার করেছে। ধৃত আব্দুল কাদির জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ১৯৯২ সালে দাওরাই গ্রামে পলোবাইচ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আজিম উল্লা (৬০) নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল কাদিরকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। দায়রা ৪৬/৯৪ প্যানাল কোর্ট তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। দীর্ঘদিন ধরে আব্দুল কাদির লন্ডনে পালিয়ে ছিলেন। গ্রেফতারকৃত আব্দুল কাদিরকে আদালতে পাঠানো হয়েছে।