শাহজাদপুর উপজেলায় বন্যার পানি কমতে শুরু করলেও গবাদি পশু নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ কমেনি। বাঁধে আশ্রিত শত শত গরু আর মানুষ একসঙ্গে খোলা আকাশের নিচে অথবা পলিথিন টানিয়ে বাস করছে।
গত এক সপ্তাহ ধরে কৈজুরি ইউনিয়নের জয়পুরা থেকে জগতলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার নতুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গবাদি পশু নিয়ে আশ্রিত মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের ভাগ্যে এখনো জোটেনি কোনো ত্রাণ সহায়তা। শত শত মানুষ তাদের শিশু সন্তানের পাশাপাশি গবাদি পশু নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন। সোমবার দুপুরে কৈজুরি ইউনিয়নের জগতলা এলাকার নতুন বন্যা নিয়ন্ত্রণ এলাকায় গিয়ে দেখা গেছে এ চিত্র।
জগতলা বাঁধে আশ্রয় নেওয়া সেলিম হোসেন জানান, বন্যায় বাড়িঘরে পানি ওঠায় নিরুপায় হয়ে গত এক সপ্তাহ ধরে ১২টি গরু নিয়ে নতুন বাঁধে আশ্রয় নিয়েছি। একইভাবে ঐ এলাকার নাসিন উদ্দিন তিনটি গরু ও তিনটি ছাগল, আলাউদ্দিন তিনটি গরু, রজিনা খাতুন তিনটি গরু, হাঁস-মুরগি ও দুটি ছাগল, জালাল উদ্দিন দুটি গরু এবং আলামিন হোসেন চারটিসহ অনেকেই গরু নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন।
কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, বন্যাদুর্গতদের জন্য মাত্র পাঁচ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।
