রাজধানীর উত্তরা ও হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় গতকাল শুক্রবার দুপুরে পৃথক দুইটি দুর্ঘটনায় লিফট মেকানিক ও গ্যারেজ কর্মচারীসহ দুই জন নিহত হয়েছেন। এরা হলেন—সাগর ও রায়হান।
তাদের সহকর্মী মাসুদ হোসেন জানান, উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ২/ই নম্বর রোডের ৪ নম্বর বাড়িতে লিফট মেরামতের কাজ করছিলেন সাগরসহ দুই জন। সাগর লিফটের ওপরে বসে কাজ করার সময় হঠাত্ লিফট ওপরে চলতে থাকলে তিনি ওপরের দিকে প্রচণ্ড ধাক্কায় চাপা পড়েন। পরে ঐ বাড়ির লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রায়হানের সহকর্মী রুমন জানান, তারা হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার একটি গ্যারেজ থেকে গাড়ি সার্ভিসিংয়ের কাজ করছিলেন। এ সময় রায়হান বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরের দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
