দুর্যোগে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে :নাসিম

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২১:৫২

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আওয়ামী লীগ শুধু ভোটের রাজনীতি করে না, সুখে দুঃখে সবসময়ই মানুষের পাশে থাকে। বন্যা, ভাঙন কিংবা যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে। কিন্তু এ দেশে কিছু রাজনীতিবিদ আছেন, যারা ভোট এলে জনদরদী হয়ে ওঠেন, ভোট শেষে ঢাকায় বসে বক্তৃতা-বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেন।

গতকাল শুক্রবার মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা কাজিপুর উপজেলার বাঐখোলা ও পূর্ব খুকশিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে স্বতঃস্ফূর্ত জনতার উদ্দেশে এ কথা বলেন। মোহাম্মদ নাসিম গত পাঁচ দিন সিরাজগঞ্জ, বগুড়া এবং গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন এবং বানভাসি মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে বন্যাদুর্গত মানুষের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, প্রাকৃতিক যে কোনো দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে আছে এবং থাকবে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল দুর্গত এলাকায় আসেনি। তারা ঢাকায় বসে শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। তিনি বন্যার পানি নেমে যাবার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণের জন্য জনগণকে আশ্বস্ত করেন। একই সঙ্গে পুনর্বাসন কাজ শুরু হবে বলে জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।