সৌদি আরবে ৩ সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় নারী

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৮:৪৯

সৌদি আরবের আল খোবার শহরে এক ভারতীয় নারী তার তিন সন্তানকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। সাইদা হুমাইরা আমরিন নামের ওই নারী ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা বলে জানা গেছে। খবর এনডিটিভির।

জানা গেছে, ভিজিট ভিসায় সৌদি আরবে থাকা এই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি বাসার বাথটাবে তার সন্তানদের হত্যা করেন। নিহত তিন শিশু হলো সাত বছর বয়সী যমজ সাদেক আহমেদ ও আদেল আহমেদ এবং তাদের তিন বছরের ছোট ভাই ইউসুফ আহমেদ।

কাজ থেকে ফিরে তাদের বাবা মোহাম্মদ শাহনওয়াজ শিশুদের মৃত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ আমরিনকে আটক করে। পরিবারের দাবি, আমরিন কিছুদিন ধরে মানসিক অস্থিরতা ও একাকীত্বে ভুগছিলেন। পারিবারিক কলহও এই ঘটনার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। সৌদি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ইত্তেফাক/টিএইচ