সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২৩:৫৯

সাভারে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে ১৫’শ পিস ইয়াবাসহ আইয়ুব আলী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে সাভারের চৌরঙ্গী সুপার মার্কেটের নিঝু টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার নামক দোকান থেকে তাকে আটক করা হয়। আটক আইয়ুব আলী গোপালগঞ্জ জেলার সদর থানার চন্দ্রডিগুলিয়ার নবাব আলীর ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আইয়ুব আলী মোবাইল সার্ভিসিং ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত্ ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতর লুকানো অবস্থায় ৮টি প্যাকেটে মোট ১৫’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং আইয়ুব আলীকে আটক করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।