ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০০:০১

নিখোঁজের একদিন পর গতকাল শুক্রবার সাব্বির উদ্দীন ইকন (১৬) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কারবালা টিলা এলাকার নতুন মসজিদের পাশে টিলার পাদদেশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ইকন ফটিকছড়ির সুন্দরপুর ইউপির ছিলোনীয় চেউঙ্গার কুল এলাকার মো. সাহাব উদ্দীনের ছেলে। তবে তারা পৌর সদর বিবিরহাট বাজারের চৌধুরী ভবনে থাকতেন বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে খেলতে যাবার কথা বলে ঘর থেকে বের হয় ইকন। এরপর আর ফিরে আসেনি। এসময় তার মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়। স্বজনদের বাড়িসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে শুক্রবার সকালে ফটিকছড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন ইকনের বাবা। দুপুরে মুসল্লিরা টিলার পাদদেশে তার গলাকাটা লাশ দেখতে পেলে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণ করা হচ্ছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে সেটা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।