বারের ভেতর ঝগড়ার পর বাইরে এসে ভিড়ের মধ্যে উঠিয়ে দিলেন গাড়ি

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৫:৩৭

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় এভ্রেক্স শহরে একটি ওয়াইন বারের বাইরে ভিড়ের ওপর ইচ্ছাকৃতভাবে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের মতে, বারের ভেতর ঝগড়ার জেরে এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) ভোরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রসিকিউটর রেমি কৌটিন জানান, এতে একজন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, কোনো কিছু নিয়ে ঝগড়া-বিবাদের পর একজন ব্যক্তি একটি গাড়ি আনতে গিয়েছিলেন। গাড়ি এনে তিনি ইচ্ছাকৃতভাবে দ্রুতগতিতে ভিড়ের মধ্যে উঠিয়ে দেন।

প্যারিস থেকে প্রায় ৬০ মাইল পশ্চিমে নরম্যান্ডি অঞ্চলে অবস্থিত এভ্রেক্সে এই ঘটনায় চালক বা ক্ষতিগ্রস্তদের পরিচয় সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এমনকি ওয়াইন বারের ভেতরে প্রাথমিক ঝগড়ার সূত্রপাত কী কারণে হয়েছিল, তাও জানানো হয়নি।

তদন্তকারীরা আশেপাশের পরিস্থিতি সম্পর্কে তাদের তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ইত্তেফাক/এসকে