ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০০:০১

গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ আগুন দিয়ে পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে মুসল্লিরা। বাদ জুমা সর্বস্তারের তৌহিদি জনতার ব্যানারে শহরের বিভিন্ন স্থান থেকে লোকজন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে সমাবেশে কওমী ছাত্র ঐক্যপরিষদের সাবেক সভাপতি জুনায়েদ কাসেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসিম ছোটন, কওমী ছাত্র নেতা মা. মো. আশরাফুল ইসলাম, মুফতি এনামুল হাসান, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র নেতা মা. রহমতউল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে রবিবার শহরের মেড্ডায় অবস্থান কর্মসূচি পালন করা হবে।