ডেঙ্গু মহামারি আকার নেয়নি ----সাঈদ খোকন

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০০:০৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকা শহরে ডেঙ্গু ভাইরাসের বিস্তার এখনো মহামারি আকার নিয়েছে বলা যায় না। মহামারির একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। তবে মহামারির সংজ্ঞা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু ব্যাখ্যা করেননি মেয়র।

গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঢাকা জেলা প্রশাসন এবং মহানগর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও স্কাউটস লিডারদের নিয়ে অনুষ্ঠিত ডেঙ্গুবিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

মেয়র বলেন, সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে পরামর্শ করার পর এটি নিশ্চিত করা যেতে পারে যে, ডেঙ্গু মহামারি কি না। ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ থেকে ১০ হাজার। ৩ লাখের বেশি ডেঙ্গু রোগী কখনোই হতে পারে না। একটি মহল বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিত করে তোলার চেষ্টা করছে।

এর আগে সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে মশক নিধন স্প্রে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই আমরা নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সক্ষম হব।

মেয়র সাঈদ খোকন বলেন, রোভার/ স্কাউটগণ ইউনিফর্ম পরে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক লিফলেট পৌঁছে দেবেন। অ্যাডিস মশার প্রজনন স্থল ধ্বংস করবেন এবং বাড়ির মালিকদেরও এটি শিখিয়ে দেবেন। এসব কাজ সুন্দরভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্যে শিক্ষকরা এলাকাভিত্তিক কমিটি গঠন করে দেবেন। মোটকথা ডেঙ্গু ক্রাইসিস মোকাবিলায় সকলকেই একযোগে সহযোগী হিসেবে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

বিভাগীয় কমিশনার মো. জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদাউস খান, বিশেষজ্ঞ চিকিত্সক প্রাণ গোপাল দত্ত, তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি, স্থানীয় সরকার সচিব হেলালউদ্দিন আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাজ্জাদুল হাসান প্রমুখ।