মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের উত্তরসূরি, প্রবর্তক গোলামুর রহমান মাইজভান্ডারী (বাবাভান্ডারী)-এর নাতি এবং গাউছে জামান সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর জ্যেষ্ঠ সন্তান শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী।
আজ এক শোকবার্তায় তিনি বলেন, তরিকতের প্রচার-প্রসার ও মানবকল্যাণে সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী নিবেদিত ছিলেন। তার ইন্তেকালে আমরা একজন আলোকিত আধ্যাত্মিক ব্যক্তিত্বকে হারালাম। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দিন।
থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী ও ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
