চবি ও বাকৃবি পরিস্থিতির ওপর নজর রাখছে শিক্ষা মন্ত্রণালয়

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি করছে শিক্ষা মন্ত্রণালয়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সমস্যার সমাধানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে— শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ আহতদের চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট রাতে উপাচার্য কার্যালয়ে জেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, যা শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে কাজ করবে।

অন্যদিকে, সিন্ডিকেটের সিদ্ধান্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতে সুনির্দিষ্ট কার্যক্রম প্রস্তাব করতে।

ইত্তেফাক/এএম