সহকর্মীদের সঙ্গে কাজের উদ্দেশ্যে বেড়িয়ে লাশ হয়ে ফিরলেন যুবক। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে সরাইল উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মুক্তার মিয়া (১৯)। তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের যাদবপুর গ্রামের রহমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুক্তার মিয়া তার বাবা-মায়ের সঙ্গে শাহবাজপুর এলাকার আমীনপাড়ায় খসরু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকেন।
নিহতের বাবা রহমত আলী বলেন, ভোর রাত ৩টার দিকে দেওড়া শাহীন, বাবু এবং রফিকুল তার ছেলেকে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে কাজে যায়। ভোর রাতে ৫টার দিকে বাড়ির পাশের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় মুক্তার মিয়াকে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদাত হোসেন বলেন, প্রতিদিনের মতো মুক্তার রাতে কাজের উদ্দেশ্যে তার সহকর্মীদের সঙ্গে বেরিয়ে যায়। সকালে বাড়ির সামনে তার লাশ ফেলে রাখা হয়।
ওসি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। তার সহকর্মী রফিকুলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা বেড়িয়ে আসবে।
ইত্তেফাক/জেডএইচ
