নেপালে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। অপব্যবহার, গুজব ছড়ানো এবং ভুয়া অ্যাকাউন্ট থেকে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এসব প্ল্যাটফর্মকে নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ার দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক সরকারি ঘোষণায় জানানো হয়, নিবন্ধিত নয়—এমন সব প্ল্যাটফর্মের অ্যাক্সেস বন্ধে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (NTA) নির্দেশ দেওয়া হয়েছে।
নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, এসব প্ল্যাটফর্মকে স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নামসহ নিবন্ধনের জন্য বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। সময়সীমা পেরিয়ে গেলেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
যোগাযোগমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, “আমরা বারবার অনুরোধ করেছি এবং যথেষ্ট সময় দিয়েছি। তারা কোনো সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে আমরা সেবা বন্ধ করে দিয়েছি।”
তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পপো লাইভ ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছে এবং সেগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে।
নেপালে বর্তমানে জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী, ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
