সরকারি গুদামে গরীবের জন্য রাখা হলো শত শত বস্তা পচা চাল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭

রাজশাহীর বাগমারায় গরীব ও দুঃস্থদের বিতরণের জন্য পচা, দুর্গন্ধ  ও নিম্নমানের চাল মজুত করার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে এসব চাল দুঃস্থদেরকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গুদাম সিলগালা করে দেওয়া হয়। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন।  

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুঃস্থদের মাঝে পচা চাল বিতরণের খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে খাদ্য গুদামে অভিযান চালান ইউএনও মাহবুবুল ইসলাম। এসময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়াকে সঙ্গে নিয়ে একে  একে তিনটি গুদামেই তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গুদামে থাকা চালের বস্তা ছিদ্র করে সেখানে দুর্গন্ধ পচা ও নিম্নমানের চাল দেখতে পান। এভাবে কয়েকশ বস্তা থেকে নমুনা সংগ্রহ করে নিম্নমানের চাল পাওয়া যায়। পরে পচা চাল থাকার বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি গুদামের কর্মকর্তা বাচ্চু মিয়া। সবশেষ গুদাম থেকে চার বস্তা চাল নমুনা হিসেবে সংগ্রহ করে গুদাম দুটি সিলগালা করে দেওয়া হয়।

জানা যায়, বড় মৌসুমে কৃষকদের কাছ থেকে ২ হাজার ৭২৩ মেট্রিক টন ধান কেনা হয়। ধান থেকে প্রায় ১৮০০ মেট্রিক টন চাল করা হয়। ধানগুলো থেকে চাতাল মালিকদের মাধ্যমে চাল করে গুদামে মজুদের নিয়ম থাকলেও অভিযোগ উঠেছে, ধান থেকে উৎপাদিত ভালো মানের চাল খোলা বাজারে বিক্রি করে নিন্মমানের চাল গুদামে রাখা হয়েছে। সম্প্রতি চালগুলো দুঃস্থ নারী ও খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের দেওয়া হয়। সেখানে চালগুলো পচা,দুর্গন্ধ ও নিম্নমানের বলে দেখা যায়। গুদামে থাকা চালগুলোও দুঃস্থ নারীসহ সুবিধাভোগীদের জন্য মজুদ করা হয়েছিল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুবিধাভোগী দুস্থ নারীদের এসব পচা, দুর্গন্ধ ও নিম্নমানের চাল দেওয়া হচ্ছিল। খাদ্য গুদামে এসে এর সত্যতা পাওয়া গেছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন বলেন, এসব ধান চাল সংগ্রহ করার দায়িত্বে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা থাকেন। এ বিষয়ে দায়িত্ব তারই।  

গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া সব অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকেরা কিছু ধান খারাপ দিয়েছেন, সেগুলোর চাল নিম্নমানের হতে পারে। তবে কিছু ভুল রয়েছে।

বাগমারা ইউএনও মাহবুবুল ইসলাম বলেন, গুদামে বিপুল পরিমাণ পচা দুর্গন্ধযুক্ত চাল  দেখা গেছে। এগুলো খাবার অনুপযোগী।  খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে, চালের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এপি