ঢাকায় বায়ুমানে কিছুটা উন্নতি, দূষিত শহরের তালিকায় ২৯তম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ দিন দিন বেড়ে চলেছে, যার দীর্ঘদিনের শিকার মেগাসিটি ঢাকা। তবে সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে রয়েছে। 

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ৬৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৯তম অবস্থানে ছিল ঢাকা। এই স্কোর বায়ুদূষণের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে, উগান্ডার রাজধানী কামপালা ১৭২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। এরপরেই ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, ১৬৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা এবং চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা (১৫৩ স্কোর) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৪৯ স্কোর)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত 'ভালো' হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে 'মাঝারি' এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোরকে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১ থেকে ৪০০ পর্যন্ত স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়।

ইত্তেফাক/টিএইচ