দক্ষিণ এশিয়ার ‘সর্ববৃহৎ’ ওয়াটার প্রোডাকশন প্ল্যান্ট উদ্বোধন আকিজ ভেঞ্চারের 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫

আধুনিক ও উন্নত প্রযুক্তিতে বোতলজাত পানি উৎপাদনের লক্ষ্যে দক্ষিণ এশিয়ার ‘সর্ববৃহৎ’ ও ‘অত্যাধুনিক’ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার প্রোডাকশন প্ল্যান্ট উদ্বোধন করার কথা জানিয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপ।

সাভারের ধামরাইয়ে রোববার নতুন এই প্ল্যান্টের উদ্বোধন করা হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এই মেগা প্রোজেক্টটি বাংলাদেশের ব্যবসায়িক অবকাঠামো ও উন্নয়নের এক অনন্য গর্বের নিদর্শন হয়ে উঠবে বলে আশা করছে তারা।

আকিজ ভেঞ্চারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জার্মানি থেকে আমদানি করা সর্বাধুনিক যন্ত্রপাতি দ্বারা কাটিং-এজ প্রযুক্তিতে নির্মিত এই প্রোডাকশন লাইন দেশের প্যাকেজড ড্রিংকিং ওয়াটার শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ প্রসঙ্গে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান সেখ শামিম উদ্দিন বলেন, “বাংলাদেশের মাটিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ড্রিংকিং ওয়াটার প্রোডাকশন লাইন উদ্বোধন করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। এটি শুধু আকিজ ভেঞ্চারের জন্য নয়, গোটা দেশের জন্য সম্মানের, যা নিরাপদ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার শিল্পে বাংলাদেশকে রিজিওনাল লিডারশিপের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।”

ইত্তেফাক/এএইচপি