নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকেছেন বলে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীর ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রয়েছে।
আজ মঙ্গলবার সকাল আটটা নাগাদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নয়টার ঠিক আগে তিনি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে। সেখানে তাকে দেখা যায় জগন্নাথ হলের ভোটকেন্দ্রের সামনে। তখনই অভিযোগ উঠে নিয়ম ভঙ্গের। তবে আবিদুল জানালেন, তিনি নিয়ম মেনেই ভোটকেন্দ্রে ঢুকেছেন।
আবিদুল ইসলাম খান বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’
এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।
এর আগে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ গণতন্ত্রের লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন। তিনি আশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আজ দেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন করবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আমরা দীর্ঘসময় ভোটাধিকার হরণ নিয়ে আমরা সংগ্রাম করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে।’
এরপর ডাকসুর ভোটারদের বিশেষ আহ্বান জানান তিনি। বলেন, ‘আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা আসুন, ভোটকেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
এদিকে, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, 'প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।'
পরবর্তীতে জগন্নাথ হলের ভোট কেন্দ্রে কাজী মোস্তাক গাউসুল হক বলেন, 'আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।'
অবশ্য নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারায় বলা হয়, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
দীর্ঘ সাড়ে ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

