বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করেছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার।
তবে এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আমি বলতে চাই, যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত। এবং সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের অফিসের প্রত্যেকটা জায়গা সিসি ক্যামেরার আওতাধীন উল্লেখ করে তিনি বলেন, বের করা হোক এবং যে মিথ্যা কথা বলেছে তার শাস্তির ব্যবস্থা করা হোক।
