নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি মাদ্রাসার চার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মোস্তাফিজুর রহমানকে আটক করেছে র্যাব। শনিবার দুপুর ২টায় র্যাব-১১ অভিযান চালিয়ে ফতুল্লার ভুইগড়ের দারুল হুদা মহিলা মাদ্রাসা থেকে তাকে আটক করে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে আনা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনা স্থলে র্যাব জানায়, ফতুল্লার ভূইগড়ের রাইসমিল এলাকায় মুফতি মোস্তাফিজুর রহমান (২৯) ৬ বছর আগে দারুল হুদা মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। উক্ত মাদ্রাসার কয়েকজন অভিভাবকের কাছ থেকে যৌন হয়রানির অভিযোগ পেয়ে র্যাব প্রাথমিক তদন্ত করে। তদন্তে ৬ থেকে ১০ বছরের চারজন ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির বিষয়ে নিশ্চিত হয়ে মুফতি মোস্তাফিজুরকে শনিবার দুপুরে আটক করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব আরও জানান, আটককৃত মোস্তাফিজুরের মোবাইলে বেশ কিছু যৌন হয়রানি সংক্রান্ত রেকর্ড পাওয়া গেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত জানা যাবে। গ্রেফতার হওয়া মোস্তাফিজুর রহমান মাদ্রাসাতেই পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নেত্রকোনা জেলার সদর থানার কাওয়ালী কোনা গ্রামে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গু জ্বরে জাবি শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাস জুড়ে আতঙ্ক
আটককৃত মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য নয়। এলাকার আবু তাহের ও মাহাবুবুর রহমানসহ আরও কয়েকজন ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ সাজিয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
