রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ওদুদ সরদার অতুর এবং উপজেলার হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম। ওদুদ সরদার পৌরসভার মৈশালা মৈত্রডাঙ্গী এবং আব্দুল আলীম হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের বাসিন্দা।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পুলিশের চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। আজ বুধবার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
